জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) প্লাটুনের নবীন ক্যাডেটদের বরণ ও বিদায়ী ক্যাডেটদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান বিভাগের গ্যালারি রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবীন ক্যাডেটদের স্বাগত জানানো এবং বিদায়ী ক্যাডেটদের বিএনসিসিতে অবদান ও সেবামূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও সাবেক প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, ‘বিএনসিসির সদস্যদের বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে জনসেবায় কাজ করে যেতে হবে। তাদের এই শ্রম ও সাধনা একদিন সফলতা বয়ে আনবে বলে আমি আশাবাদী। তারা ভবিষ্যতে আরও সফলতা অর্জন করুক—এই কামনা করছি।’
তিনি বলেন, ‘বাংলাদেশের জাতি গঠনে বিএনসিসির একটি অসাধারণ অবদান রয়েছে। জাতীয় দুর্যোগময় মুহূর্তে তারা যে ভূমিকা পালন করে, সেটা জাতি হিসেবে আমরা সবসময় স্মরণ করি।’
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘দেশের প্রতি কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে শেখার একটি বড় ও চমৎকার প্ল্যাটফর্ম হচ্ছে বিএনসিসি। বিএনসিসির এই চর্চার মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম তৈরি হয় এবং দেশের প্রতি দায়িত্ববোধ গড়ে ওঠে।’
অনুষ্ঠানে বক্তারা নবীন ক্যাডেটদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিদায়ী ক্যাডেটদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করা হয়।