১১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৩

জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী

‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’ অনুষ্ঠিত  © টিডিসি ফটো

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের চাকরির বাজারের সঙ্গে পরিচিত করা এবং সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করতে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) উদ্যোগে দিনব্যাপী এ জব ফেয়ারের আয়োজন করা হয়। এতে ২৫টির বেশি করপোরেট প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে ৭০০টির বেশি চাকরির সুযোগ রয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

‎জব ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীরা চাকরির পদ, নিয়োগের যোগ্যতা, প্রয়োজনীয় দক্ষতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা এবং জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগও পান তারা।

‎আয়োজনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আবুল খায়ের গ্রুপ, আরএফএল গ্রুপ, ইফাদ গ্রুপ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ডেটা সলিউশন ৩৬০ লিমিটেড ও রিদম ব্লাড সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

‎জাকসু সূত্রে জানা যায়, জব ফেয়ারের প্রধান পৃষ্ঠপোষক ব্র্যাক পরিচালিত ক্যারিয়ার হাব। প্লাটিনাম পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে নিউজিল্যান্ড ডেইরি ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস। গোল্ড পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইংলিশ থেরাপি, আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড, টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস প্রাইভেট লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সিলভার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, স্পার্ক রাইড টেকনোলজি লিমিটেড ও হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ।

‎উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের জন্য এ আয়োজন অনানুষ্ঠানিক সাক্ষাৎকারের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। একই সময়ে একাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ শিক্ষার্থীদের জন্য বিশেষ অভিজ্ঞতা তৈরি করবে। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হবে। পাশাপাশি একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে বিদ্যমান দূরত্বও কমবে।

‎জাকসুর জিএস মো. মাজহারুল ইসলাম বলেন, জাকসুর মেয়াদের শেষ পর্যায়েও শিক্ষার্থীদের কল্যাণে কার্যক্রম অব্যাহত রয়েছে। জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং চাকরির বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। কোনো শিক্ষার্থীর ক্যারিয়ারে এ আয়োজন ইতিবাচক পরিবর্তন আনতে পারলে সেটিই জাকসুর বড় অর্জন হবে।

‎জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, প্রথম বর্ষ থেকে মাস্টার্স এবং সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের করপোরেট খাতের সঙ্গে পরিচিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীরা চাকরির সুযোগ ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানতে পারছেন। একই সঙ্গে তারা নিজেদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগও পাচ্ছেন।

‎জব ফেয়ারে অংশ নেওয়া টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস প্রাইভেট লিমিটেডের এক্সিকিউটিভ অব সেলস অ্যান্ড মার্কেটিং রুবিনা জাহান তিথি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সিভি যাচাই করে তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী নিয়োগের সুযোগ তৈরি হয়। বিশেষ করে নতুন গ্র্যাজুয়েটদের জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রার্থীদের প্রয়োজনীয় দক্ষতা ও নিয়োগের মানদণ্ড সম্পর্কেও পরামর্শ দেওয়া যায়।

‎আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যেও ছিল আগ্রহ। পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কায়েস মাহমুদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন তুলনামূলকভাবে কম হয়। নিয়মিত জব ফেয়ার আয়োজন করা হলে শিক্ষার্থীরা চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা পাবে। এখান থেকে কোনো ইতিবাচক ফল পাওয়া গেলে সেটি তার জন্য আশীর্বাদ হবে।

‎ফার্মেসি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আতিয়া বলেন, জব ফেয়ারে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কী ধরনের যোগ্যতা ও দক্ষতা প্রয়োজন, সে সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। গ্র্যাজুয়েশন শেষ করার পর চাকরির জন্য আবেদন করতে কী প্রস্তুতি প্রয়োজন, সেটিও এখন থেকেই বোঝা যাচ্ছে। প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলায় চাকরির বাজার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন সম্ভব হচ্ছে।

‎জব ফেয়ারের পাশাপাশি সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘রোড টু করপোরেট ক্যারিয়ার সেশন’ অনুষ্ঠিত হবে। এতে করপোরেট খাতের অভিজ্ঞ ব্যক্তিরা ক্যারিয়ার পরিকল্পনা, করপোরেট সংস্কৃতি, জীবনবৃত্তান্ত তৈরি, সাক্ষাৎকারের কৌশল ও পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

‎এ ছাড়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও কফির ব্যবস্থা, খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম এবং করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ রাখা হয়েছে। আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন দ্য ডেইলি ক্যাম্পাস, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, স্টার নিউজ, চ্যানেল ওয়ান ও ফেস দ্য পিপল।