ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে বই প্রকাশ ও হস্তান্তর
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে সাহিত্য ও সংস্কৃতিতে সকলের অংশীদারত্ব নিশ্চিতের লক্ষ্যে ব্রেইলে বই প্রকাশ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ডাকসুর সভাকক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএস এস. এম. ফরহাদ এবং এজিএস মুহা. মহিউদ্দীন খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সম্পাদিত এই ব্রেইল বই এর নাম ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’। বই প্রকাশের সাথে আরও যুক্ত ছিলেন রিয়াদুল ইসলাম জুবা, রিজওয়ান মানসুরী, আশফাক উল্লাহ আসিফ, সাইমুম ফেরদৌস এবং সুহাইল মাহদীন।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমরা দৃঢ় সংকল্পবদ্ধ ছিলাম সাহিত্য ও সংস্কৃতিতে সকলের অংশীদারত্ব নিশ্চিত করবো সে-ই লক্ষ্যে আজ ‘গেস্টরুম-গণরুম : নির্যাতনের দাগ ও খতিয়ান’ শীর্ষক বইটিকে ব্রেইলে নিয়ে এসে প্রমাশ করা হয়েছে। বইটিকে আমরা কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলামের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে সংগঠন ডিজাবিলিটিস রাইটস বাংলাদেশ -ডিআরবিকে হস্তান্তর করছি। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা এইখান থেকে ব্রেইল বই সংগ্রহ করে পড়তে পারবেন।
ডাকসুর এজিএস মুহা. মহিউদ্দীন খান বলেন, ডাকসুর এইটা একটা সবচেয়ে শক্তিশালী কাজের মধ্যে একটি। অতীতে এইভাবে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে সাহিত্যে সম্পৃক্ত করে এই ধরনের কাজ হতে আমরা দেখিনি। এরকম একটি উদ্যোগ ডাকসু থেকে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
ডাকসুর জিএস এস. এম. ফরহাদ বলেন, ডাকসুর ঐতিহাসিক কিছু ভিন্নধর্মী কাজের মধ্যে এই ব্রেইলে বই প্রকাশ অন্যতম। আমাদের ইচ্ছে ছিল ডাকসু প্রকাশিত সকল বইগুলোকে আমরা ব্রেইলে নিয়ে আসবো কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণল সেটি সম্ভব হয়নি। ভবিষ্যতে আমরা সুযোগ পেলে সকল বইগুলোকে ব্রেইলে নিয়ে আসতে চাই।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আমরা সবাইকে ধারণ করি। সবাইকে ধারণ করাই আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক মুসাদ্দিক আজ ব্রেইলে বই প্রকাশ করেছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। এটা একটা ঐতিহাসিক উদ্যোগ। আমরা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ওয়াক ওয়ে নির্মাণসহ অনেক গুলো প্রজেক্ট নিয়ে কাজ করেছি। কিন্তু প্রশাসনিক সদিচ্ছার অভাবে সেগুলো অনেক গুলো বাস্তবায়িত হয়নি। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা আমাদেরই পরিবারের অংশ। তাদের সকল ভোগান্তি রোধ ও প্রয়োজনসমূহকে সহজীকীকরণ করতে আমাদেরকে কাজ করে যেতে হবে।
রিয়াদুল ইসলাম যুবার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, আয়োজন সহযোগী সাইমুম ফেরদৌস, আশফাক উল্লাহ আসিফসহ হল সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা।