১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১

‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর

অধ্যাপক ড. আলী আকবর।  © সংগৃহীত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি হিসেবে অধ্যাপক ড. আলী আকবরকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

‎অফিস আদেশে বলা হয়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক ড. সজীব বালার অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে বিভাগের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩-এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারাবলে বিভাগের অধ্যাপক ড. আলী আকবরকে ১০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩৬ মাসের জন্য সভাপতি নিয়োগ করা হয়েছে।

‎আদেশে আরও বলা হয়, নবনিযুক্ত সভাপতি প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিদায়ী ও নবনিযুক্ত সভাপতিকে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট যথাসময়ে রেজিস্ট্রারের কাছে পাঠাতে বলা হয়েছে।
‎ 
‎এ বিষয়ে তিনি বলেন, ‘চেয়ারম্যান মানেই যে ক্ষমতাবান কোনো জায়গা, এমনটা আমি মনে করি না। আমি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিবিধান মেনে সবার সহযোগিতায় দায়িত্ব পালন করতে চাই।’