১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে কাল

‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে কাল  © সংগৃহীত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব ২০২৬’। নতুন চলচ্চিত্র নির্মাতাদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে প্রদর্শিত হবে পাঁচটি নিরীক্ষাধর্মী চলচ্চিত্র।

‎আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) ও শনিবার নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগিতায় আয়োজিত এ উৎসব বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের ল্যাব-৩–এ অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় দুটি করে মোট চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

‎উৎসবে প্রদর্শিত হবে প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের রচনা অবলম্বনে কৃষ্ণ চন্দ্র বর্মনের চিত্রনাট্য ও পরিচালনায় লিব্রিয়াম (Librium), প্রজয় বকসীর ভূতের অভিমান, এবিএস রিফাতের অন্তিম তরঙ্গ, সাজ্জাদুল শুভর ওয়াটার হাইয়্যাসিন্থস (Water Hyacinths) এবং অর্ণব মল্লিকের বিহাইন্ড দ্য মাইন্ড (Behind the Mind)।

‎আয়োজকদের একজন ও নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবিএস রিফাত বলেন, স্নাতকোত্তর নির্দেশনা শাখার পরীক্ষার্থীদের নির্মিত পাঁচটি ভিন্ন ঘরানার চলচ্চিত্র নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে। হরর, কমেডি ও সাইকোলজিক্যালসহ বিভিন্ন জনরের চলচ্চিত্র নির্মাণ করেছেন পাঁচজন শিক্ষার্থী-পরিচালক।

‎তিনি আরও বলেন, প্রদর্শনী শেষে চলচ্চিত্রগুলো উন্মুক্তভাবে প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর পরিকল্পনা রয়েছে।