চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসা সেবা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত ও জিএস নাজিফা তাসফিয়াহর উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক নারী শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের ডাইনিংয়ে এ ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয়। আয়োজকবৃন্দ জানিয়েছেন, ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার, নিউট্রিশনিস্ট ১ জন, ডার্মাটোলজিস্ট ২ জন, মেডিসিন ১ জন এবং গাইনোকোলজিস্ট ১ জন ছিলেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বেগম খালেদা জিয়া হল সংসদের প্রভোস্ট ও সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি। চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালের পরিচালক ও চিকিৎসক ডা. জান্নাতুন নাইম হক, আরএমও ও চিকিৎসক ডা. শাফায়াত, ডিজিএম ও কো অর্ডিনেটর মো. আমান উল্লাহ, চাকসু জিএস সাইদ বিন হাবিব, সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতাসহ অন্যান্যরা।
আয়োজনে সহযোগিতা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
এ বিষয়ে জিএস নাজিফা তাসফিয়াহ বলেন, ‘শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। বিশেষ করে নারী শিক্ষার্থীরা অনেক সময় স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা নিয়ে সংকোচের কারণে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। তাই তাদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শের ব্যবস্থা করা হয়েছে।এক্ষেত্রে ফান্ডিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে হলের প্রাক্তন ছাত্রীরা।
ভিপি সুমাইয়া নুসরাত বলেন, ‘আমাদের অন্যতম ইশতেহার ছিল শিক্ষার্থীদের জন্য এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের বোনেরা নিজেদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা নিয়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা নিয়মিত, বিশেষ করে প্রতি মাসে এ ধরনের আয়োজন চান। শিক্ষার্থীদের এই চাহিদা পূরণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ডিরেক্টর ও টিকিউএম ডা. জান্নাতুন নাঈম হক বলেন, ‘শিক্ষার্থীরা পড়াশোনা, টিউশনসহ নানা কাজে ব্যস্ত থাকায় অনেক সময় নিজেদের স্বাস্থ্যের প্রতি যথাযথ যত্ন নিতে পারেন না। এ ক্ষেত্রে এই ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য খালেদা জিয়া হল সংসদকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে মেট্রোপলিটন হাসপাতাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকবে।’