০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬

চাকসু জিএস সাঈদ বিন হাবিবের উদ্যোগে ৫ ছাত্রী হলে যাচ্ছে ডিপ ফ্রিজ

ডিপ ফ্রিজের সাথে চাকসু জিএস  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫টি আবাসিক ছাত্রী হলে একটি করে মোট ৫টি ডিপ ফ্রিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। চাকসুর জিএস সাঈদ বিন হাবিবের উদ্যোগে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রেফ্রিজারেটর ফ্রিজগুলো সংশ্লিষ্ট ছাত্রী হলগুলোতে পৌঁছে দেওয়া হবে।

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজের সংকট দীর্ঘদিনের। আমাদের বোনেরা দীর্ঘ সময় ধরে এ সমস্যার কারণে ভোগান্তির শিকার হয়ে আসছেন। অনেকেই প্রয়োজনীয় খাবার সংরক্ষণ করতে পারেন না, ফলে খাবার নষ্ট হওয়া কিংবা সংরক্ষণের সুযোগ না থাকায় তাদের অতিরিক্ত কষ্ট করতে হয়।

তিনি বলেন, চাকসুর জিএস হিসেবে আমার জন্য আপ্যায়ন, চা-নাশতা, যাতায়াতসহ আনুষঙ্গিক খাতে ২ লাখ ৫০ হাজার টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু এই বাজেটের এক পয়সাও আমি ব্যক্তিগতভাবে খরচ করিনি এবং বাজেটের কোনো অর্থও উত্তোলন করিনি। দায়িত্বের শেষ সময়ে এসে মনে হলো, এই অর্থ শিক্ষার্থীদের এমন একটি প্রয়োজন পূরণে ব্যয় করা উচিত, যার প্রয়োজন দীর্ঘদিনের।

সাঈদ বিন হাবিব আরও বলেন, বিশেষ করে আমাদের ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজের সংকট দীর্ঘদিনের একটি সমস্যা। অনেক বোন বাড়ি থেকে খাবার নিয়ে আসেন, কেউ কেউ নিজেরা রান্না করে খান। কিন্তু খাবার সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাদের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় প্রয়োজনীয় খাবার সংরক্ষণ করা সম্ভব হয় না, নষ্ট হয়ে যায়—যা নিঃসন্দেহে তাদের জন্য কষ্টকর। এই বিষয়টি বিবেচনায় নিয়ে আমি ফ্রিজ দেওয়ার সিদ্ধান্ত নেই।