০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫১

মাস্টারপ্ল্যান চূড়ান্তের আগে উন্নয়নকাজ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

অপরিকল্পিত উন্নয়নকাজ বন্ধের দাবিতে মানববন্ধন  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান চূড়ান্ত ও বাস্তবায়নের আগে সব ধরনের অপরিকল্পিত উন্নয়নকাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

‎বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

‎মানববন্ধনে আগামী ৫০ থেকে ১০০ বছরের অবকাঠামো, আবাসন ও পরিবেশগত চাহিদা বিবেচনায় নিয়ে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং এর আওতায় বিশ্ববিদ্যালয়ের সব উন্নয়নকাজ পরিচালনার দাবি জানানো হয়।

‎মানববন্ধনে বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক সোমা ডুমরি বলেন, পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান চূড়ান্ত হওয়ার আগেই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয়ের তাড়াহুড়া করা হচ্ছে। এতে জনসম্পদের অপচয়ের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে উন্নয়নকাজের অসঙ্গতি তৈরি হতে পারে। প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন অবশ্যই মাস্টারপ্ল্যানের আওতায় করতে হবে।

‎বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) জাবি সংসদের সংগঠক সজিব আহমেদ জেনিচ বলেন, দীর্ঘ সাত বছরের আন্দোলনের ফল হিসেবে মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শেষ পর্যায়ে এসেছে। এ অবস্থায় মাস্টারপ্ল্যান চূড়ান্ত হওয়ার আগে উন্নয়নকাজ করা হলে তা ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। আগামী কয়েক দশকের অবকাঠামো, আবাসন ও পরিবেশগত চাহিদা বিবেচনায় নিয়ে সমন্বিত পরিকল্পনার আওতায় উন্নয়নকাজ পরিচালনা করতে হবে।

‎ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি অদ্রি অংকুর বলেন, অপরিকল্পিতভাবে রাস্তা প্রশস্তকরণ, ফুটপাত ও সাইকেল লেন নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। প্রশাসন উদ্বোধনী কর্মসূচি স্থগিত করায় এটি ইতিবাচক পদক্ষেপ। তবে প্রতিটি সড়ক উন্নয়ন প্রকল্পের আগে পরিবেশগত মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যানের বাইরে কোনো খণ্ডিত উন্নয়নকাজ না করার দাবি জানান তিনি।

‎মানববন্ধনে জাবি শাখা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাইশা মনি, প্রচার সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবী, সিয়াম মাহমুদসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বুধবার (৯ সেপ্টেম্বর) প্রকল্প পরিচালকের অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, অনিবার্য পরিস্থিতির কারণে মাননীয় উপাচার্যের নির্দেশক্রমে আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য সড়ক উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।অতি শিগগিরই অনুষ্ঠানের নতুন তারিখ জানানো হবে।