০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৩

চাকরির পরীক্ষায় বাড়ছে ভাইভা নম্বর, আন্দোলনের ডাক রাবি শিক্ষার্থীদের 

রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

সরকারি চাকরির তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১১-২০ গ্রেড) পদে নিয়োগ বিধিমালায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগকে অযৌক্তিক দাবি করে আজ সন্ধ্যায় আন্দোলনের ডাক দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদে নির্বাচন করা স্বতন্ত্রপ্রার্থী সজিবুর রহমান। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।  পোস্টে তিনি লিখেছেন, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে তাদের পরিশ্রমের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে আজ সন্ধ্যা ৭টায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও লিখেছেন, এই সিদ্ধান্ত গেজেটেড হলে লাইব্রেরিতে কিংবা বাসায় যতই পড়াশোনা করেন, তা শুধু গাধার মতো খাটুনিতে পরিণত হবে। কারণ আপনার মেধা ও পরিশ্রমের মূল্যায়নের জায়গায় অযৌক্তিকভাবে ভাইভা নম্বরের জায়গায় ভাইভা বোর্ডের পছন্দের ক্যান্ডিটেড এগিয়ে যাবে।

আন্দোলনে সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, এই অযৌক্তিক সিদ্ধান্ত রুখে দিতে সবাইকে আজ সন্ধ্যা ৭টায় লাইব্রেরির সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি একা হলেও এই প্রতিবাদ করতে আসব! আপনি আসছেন তো?

সজিবুর রহমান আরেক পোস্টে লিখেছেন, এই সিদ্ধান্ত নিয়ে সরকার দল বা বিরোধী দলের কাউকেই শিক্ষার্থীদের পক্ষে কোনো বোল্ড স্টেটমেন্ট দিতে দেখলাম না। কারণ, তারা সবাই এর সুবিধা পাবে। এ কারণেই সবাই মুখে কুলুপ এঁটে বসে আছে।

আরেক শিক্ষার্থী এম মতিন লিখেছেন, সরকারি নিয়োগে মৌখিক নম্বর বাড়ানোর সিদ্ধান্ত আসতেছে! মৌখিক নম্বর কেন বাড়ানো হচ্ছে নিশ্চয় টের পেয়েছেন। এখন চাকরি প্রার্থী ভাইবোনেরা দেখেন যা ভালো মনে করেন। আমার অভিজ্ঞতা ও সংকট মোকাবিলার বাস্তবতা থেকে মনে করি সরকারি নিয়োগ পরীক্ষার মৌখিক নম্বর ৫-১০ শতাংশের বেশি হতে পারে না এবং সেটা সর্বোচ্চ ২০ মার্কের উপরে যেতে পারবে না। মৌখিক নম্বর বাড়ানো মানে দল, ঘুস, আত্মীয় ও অঞ্চল কোটার আস্ফালন।