০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৩

জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দাবি বর্তমান সংসদের

জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দাবি বর্তমান সংসদের  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)–এর বর্তমান সংসদের মেয়াদ আগামী ১৮ সেপ্টেম্বর শেষ হচ্ছে। এর আগে পরবর্তী ১১তম জাকসু নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণাসহ চার দফা দাবি জানিয়েছে বর্তমান সংসদ।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জাকসু ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

দাবিগুলো হলো—জাকসু নির্বাচন নিয়মিত ও নির্ধারিত সময়ে আয়োজনের জন্য সুস্পষ্ট নির্বাচনী ক্যালেন্ডার প্রণয়ন, বর্তমান সংসদের মেয়াদ শেষে দীর্ঘ সময়ের নেতৃত্বশূন্যতা এড়াতে দ্রুত তফসিল ঘোষণা ও পরবর্তী নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ, জাকসুর গঠনতন্ত্র ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জাকসুকে আরও কার্যকর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় ও মতবিনিময়ের ব্যবস্থা করা।

জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর বর্তমান জাকসুর মেয়াদ শেষ হবে। দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগে আমরা জাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা ও পরবর্তী ১১তম জাকসু নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণার দাবি জানিয়েছি। এ দাবিতে আজ উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসানের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

তিনি বলেন,  নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে সুস্পষ্ট নির্বাচনী ক্যালেন্ডার প্রণয়ন, দ্রুত তফসিল ঘোষণা, প্রয়োজনীয় নির্বাচন কমিটি, আর্থিক ও নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ এবং প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়ের সুযোগ সহজ করার দাবি জানিয়েছি। নিয়মিত জাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব, প্রশাসনের জবাবদিহিতা ও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, দীর্ঘদিনের দাবির পর বিশ্ববিদ্যালয়ে অটোমেশন বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। টেন্ডার ও মূল্যায়ন প্রক্রিয়া শেষ পর্যায়ে এবং বর্তমান জাকসুর মেয়াদেই এর উদ্বোধন হবে। একাডেমিক সংস্কারের সাতটি দাবি একাডেমিক কাউন্সিলে নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এর মধ্যে থিসিসের গবেষণা বৃত্তি ৭৫০ টাকা থেকে ৮ হাজার টাকা এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের প্রস্তাব রয়েছে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে সাড়ে ৮ কিলোমিটার রাস্তা নির্মাণ, ফুটপাত ও সাইকেল লেনের জন্য ২৫ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ হয়েছে। জাকসুর গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষায় তিন সদস্যের অডিট কমিটি গঠন করা হয়েছে। মেডিকেল সেন্টারের অনিয়মের তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর পর ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)–এর ১০ম কার্যনির্বাহী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচিত নেতৃবৃন্দ ১৮ সেপ্টেম্বর শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।