জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, তদন্তে সত্যতা পেয়ে সাময়িক বরখাস্ত
ছাত্র-জনতার রক্তক্ষয়ী জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের আওয়ামীপন্থী সহযোগী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরির (পিলু) বিরুদ্ধে তদন্তের পর অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, গত ৩ জুলাই ড. আবদুল ওয়াহেদ চৌধুরী ফেসবুক টাইমলাইনে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে একটি বিতর্কিত পোস্ট করেন। বিতর্কিত ওই ফেসবুক পোস্টে তিনি লিখেন #JulyCDI. পরবর্তীতে পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক সমালোচনা ও নিন্দা জানান শিক্ষার্থীরা।
জানা গেছে, চলতি বছরের ১২ জুলাই উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মো. আল আমিনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় সাময়িক বরখাস্ত করা হয় এবং বিষয়টি অধিকতর তদন্তের জন্য নতুন আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: সফিকুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে অবমাননা ও বিদ্রুপ করার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশক্রমে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযুক্ত প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল ওয়াহেদ চৌধুরি বলেন, সাময়িক বরখাস্তের বিষয়ে তিনি এখনও আনুষ্ঠানিক কোনো নির্দেশনা জানেন না।