ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদন্ত কমিটি
জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করার অভিযোগে বরখাস্ত হয়েছেন আরও এক শিক্ষক। তিন শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল এবং অন্য শিক্ষকের বিরুদ্ধে অধিকতর তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তিন শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে চাকরিচ্যুতির মতো শাস্তি দেওয়ার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়।
অন্যদিকে, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শিক্ষাগত যোগ্যতা পূরণ না করেই শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকে (সায়েম রানা) সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার নিয়োগের বিষয়টি অধিকতর তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়।
ড. জিয়াউর রহমান ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি সংগীত বিষয়ে এমফিল ও পিএইচডি সম্পন্ন করেছেন তিনি।
তবে সংগীত বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে সংগীত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক ছিল। ফলে তার নিয়োগের সময় নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে গঠিত তদন্ত কমিটি।