২৭ আগস্ট ২০২৬, ১৮:৫৩

দরপত্র ছাড়া জাবির মাঠ সংস্কারের অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

দরপত্র ছাড়া জাবির মাঠ সংস্কারের অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি  © টিডিসি

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলসংলগ্ন খেলার মাঠের সংস্কারকাজ সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) লঙ্ঘন এবং দরপত্র ছাড়াই কাজ দেওয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ সংস্কারকাজে পিপিআর লঙ্ঘন এবং দরপত্র ছাড়া কাজ দেওয়ার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে সংস্কারকাজ ইতোমধ্যে স্থগিত করা হয়েছে।

‎অভিযোগ তদন্তে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মাহবুব কবিরকে সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. খন্দকার শরিফুল হুদা, দর্শন বিভাগের অধ্যাপক জাকির হোসেন এবং প্রকৌশল অফিসের নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান, যিনি সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

‎তদন্ত কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

‎এর আগে, রবীন্দ্রনাথ ঠাকুর হলসংলগ্ন মাঠ সংস্কারকাজে দরপত্র ছাড়াই কার্যাদেশ দেওয়ার অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। অভিযোগে বলা হয়, সরকারি ক্রয় বিধিমালা অনুসরণ না করেই সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হয়েছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।