২৫ আগস্ট ২০২৬, ১৬:৪৩

৫ দফা দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতা নিশ্চিত, পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার চালু, সিনেট কার্যকর ও রাকসু নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই দাবিতে সংবাদ সম্মেলনও করেছে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন রাবি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে রাবি ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘আবাসিক হলের সংকটের কারণে শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।’ এ সমস্যা স্থায়ীভাবে সমাধানের পাশাপাশি শতভাগ আবাসিকতা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভাতা চালুর দাবি জানান তিনি।

এ ছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার চালুর দাবিও জানান ছাত্রশিবির নেতারা।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের সিনেটে ছাত্র প্রতিনিধি থাকলেও নীতিনির্ধারণ, জবাবদিহিতা ও প্রশাসনিক কার্যক্রমে তাদের কার্যকর কোনো সম্পৃক্ততা নেই। এ কারণে সিনেটকে কার্যকর ও সক্রিয় করার দাবি জানান তারা।

আরও দেখুন: সামরিক শক্তি বৃদ্ধিতে নতুন একটি দ্বীপ যুক্ত করেছে চীন

রাকসুর বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে উল্লেখ করে প্রশাসনের কাছে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে রাকসু নির্বাচনের সূচি প্রকাশেরও দাবি জানান নেতারা।

দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ছাত্রশিবিরের নেতারা।