ডাকসু ভিপির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল। আজ রবিবার (২৩ আগস্ট) ডাকসু ভিপির কার্যালয়ে (ডাকসু ভবন) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলে দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস এ. স্টুয়ার্ড এবং পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক সুযোগ-সুবিধা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ সম্প্রসারণ, শিক্ষার্থীদের জন্য একাডেমিক এক্সচেঞ্জ, গবেষণা ও ফেলোশিপের সুযোগ এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
মার্কিন প্রতিনিধি দলের সামনে ডাকসু ভিপি সাদিক কায়েম বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ আরও সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একইসঙ্গে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া, ইংরেজি ভাষা দক্ষতা, গবেষণা ও একাডেমিক লেখালেখি বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, সেমিনার ও কাউন্সেলিং কার্যক্রম আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
এসময় শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন শিক্ষা ও পেশাগত প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ তৈরির সম্ভাবনা নিয়েও অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মার্কিন দূতাবাসের বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, পাবলিক ডিপ্লোম্যাসি কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা, দুই দেশের তরুণদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে যৌথ উদ্যোগ নেওয়ার সম্ভাবনাও আলোচনায় আসে।
ঢাবির শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্কলারশিপ, গবেষণা, এক্সচেঞ্জ প্রোগ্রাম ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মার্কিন দূতাবাসের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন ডাকসু ভিপি। সেই সঙ্গে শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে আরও সম্পৃক্ত করা এবং ভবিষ্যতে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।