মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে ঢাবি ছাত্রশক্তির বৈঠক
জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধি দলের সাথে মার্কিন এম্বাসির টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মার্কিন এম্বাসির পলিটিক্যাল অফিসার জেমস্ এ স্টুয়ার্ড এবং পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যান উপস্থিত ছিলেন। জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আল-আমিন সরকার, জোনাল সাংগঠনিক সম্পাদক শিমু আক্তার, ক্যারিয়ার ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবিদ হাসান জয়।
জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ মার্কিন এম্বাসির টিমের সাথে ছাত্র রাজনীতি, ছাত্র রাজনীতির সংস্কার এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণের চিত্র তুলে ধরেন।
এ সময় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের জন্য কোন মধ্যবর্তী এজেন্সি ছাড়াই সরাসরি এম্বাসির মাধ্যমে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ প্রোগ্রাম সহজ করার আহ্বান জানান। এছাড়াও উক্ত মতবিনিময় সভায় আইডিয়া এক্সচেঞ্জ, লিডারশিপ কনফারেন্স সহ বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।