সরকারের ১৮০ দিন পূর্তি ও ফখরুল-রিজভীকে শুভেচ্ছা জানিয়ে জাবি ছাত্রদলের মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিন পূর্তি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়াকে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুভেচ্ছা মিছিল করেছে শাখা ছাত্রদল।
আজ শনিবার (২২ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু হাসান রাজনসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হুমায়ুন হাবিব হিরণ বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিন সফলভাবে সম্পন্ন হওয়ায় এবং দেশের জনগণ সরকারের কার্যক্রমে সন্তুষ্ট হওয়ায় আমরা আনন্দিত। এ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজকের এই শুভেচ্ছা মিছিলের আয়োজন করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভিপি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় আমরা আনন্দিত। সংকট ও সংগ্রামের প্রতিটি সময় তিনি দলের পাশে ছিলেন। ছাত্রদলের একজন সাবেক নেতা হিসেবে তার এই দায়িত্বপ্রাপ্তি আমাদের জন্য গর্বের বিষয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তার দীর্ঘদিনের অবদান এবং ত্যাগের স্বীকৃতি হিসেবে তাকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এ উপলক্ষে আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এসব বিষয়কে সামনে রেখেই আজকের এই শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান হোসাইন মিল্টন বলেন, তারেক রহমান সরকারের ১৮০ দিন পূর্তি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আনন্দিত ও উচ্ছ্বসিত।
তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত, নির্যাতিত ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।