২০ আগস্ট ২০২৬, ২১:৫৫

শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে ডাকসুর কার্যনির্বাহী সভায় ২৯ সিদ্ধান্ত

ডাকসু ৫ম কার্যনির্বাহী সভা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৫ম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় ডাকসুর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ডাকসুর জিএস এস এম ফরহাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান এবং ট্রেজারার অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন। ডাকসুর নির্বাচিত সম্পাদকমণ্ডলী ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের সামগ্রিক অধিকার, ছাত্রকল্যাণ, ক্যাম্পাস অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা জোরদার, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান  এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

৫ম কার্যনির্বাহী সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ:

১. আগামী ১২ সেপ্টেম্বর পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার জন্য উপাচার্যকে জোর দাবি জানানো হয়। উপাচার্য জানান, ডাকসু নির্বাচন বিষয়ে প্রাথমিক একটি সেল গঠন করা হয়েছে। দ্রুত তফসিল ঘোষণা করা হবে। 

২. শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করার জন্য জোর দাবি জানায় ডাকসু নেতৃবৃন্দ। দাবির প্রেক্ষিতে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত তথ্য নোটিশ আকারে প্রকাশ করবে বলে উপাচার্য আশ্বাস দেন।

৩. শাহবাগ থানায় ছাত্রদল কর্তৃক ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আগামী সোমবারের মধ্যে সন্তোষজনক অগ্রগতি পরিলক্ষিত না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে করণীয় ও কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

৪. জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতাকর্মী ও সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার জন্য ভিসিকে জোর তাগিদ দেয় ডাকসু। ভিসি জানান, ইতিমধ্যে কয়েকজনের ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন, বাকিদের ব্যাপারেও ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন। 

৫. ডাকসুর আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনকে প্রধান করে একটি অডিট কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে এই ইন্টার্নাল অডিটের দ্রুত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   ৬. ডাকসুর নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে কার্জন হলে ক্যান্টিন চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ভিসি মহোদয়। পাশাপাশি দ্রুত ক্যান্টিন স্থাপনের লক্ষ্যে মোকাররম ভবন ও অ্যানেক্স ভবনের স্পেস বরাদ্দের বিষয়ে স্পেস কমিটির সভা আহ্বানের প্রস্তাব দেয় ডাকসু। ভিসি মহোদয় সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করেন এবং দ্রুত স্পেস কমিটির মিটিং আহবানের জন্য নির্দেশ দেন।

৭. শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফুড সেফটি কমিটি গঠনের জন্য ভিসি মহোদয়কে দাবি জানান ডাকসু নেতৃবৃন্দ। সেই সঙ্গে কমিটিতে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক, মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক, ফুড সেফটি অথরিটির একজন প্রতিনিধি এবং ডাকসুর দুজন প্রতিনিধি রাখার প্রস্তাব দেওয়া হলে ভিসি মহোদয় কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নীতিগত সম্মতি জানান।

৮. নারী শিক্ষার্থীদের হয়রানি কমাতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিটিকে সক্রিয় করার জন্য এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে ভিসি মহোদয়কে আহবান জানায় ডাকসু। ভিসি মহোদয় কমিটি কার্যকর করার প্রক্রিয়া চলছে বলে জানান এবং খুব দ্রুত এটি কাজ করবে বলেও আশ্বাস দেন।

৯. উপাচার্যের সঙ্গে ডাকসু ও হল সংসদের মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১০. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পরমাণু শক্তি কমিশন সরিয়ে অন্যত্র নেওয়ার বিষয়ে জোরালো মতামত প্রদান করা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ভিসি মহোদয়কে আহবান জানানো হয়।

১১. বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত সকল ভবনের ছাদে হাইব্রিড মডেলের সোলার প্যানেল সিস্টেম স্থাপনের প্রস্তাব প্রদান করলে ভিসি এতে ইতিবাচক রেসপন্স করেন।

১২. কলা ভবন ও বিজনেস ফ্যাকাল্টির লিফট সংস্কারের ব্যাপারে জোর আলোচনা করা হয়। এতে বিজনেস ফ্যাকাল্টির লিফটের ব্যবস্থা ডাকসু করবে বলে ভিসিকে অবহিত করেন এবং কলা ভবনের লিফট সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানায় ডাকসু। ভিসি মহোদয় ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

১৩. ডাকসুর জোর দাবির মুখে ক্যাম্পাসে কার্যকর পুলিশিং ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে ভিসি মহোদয় আলোচনা করবেন বলে সভায় জানান এবং করণীয় সম্পর্কে আরও বিস্তারিত অবগত হবেন বলে জানান তিনি।

১৪. শিক্ষার্থীদের জন্য একটি ONE DU APP তৈরির প্রস্তাব সবার সম্মতিক্রমে গৃহীত হয় এবং ভিসি মহোদয় এতে ইতিবাচক ব্ক্তব্য প্রদান করেন। উক্ত অ্যাপে হল(সিট বণ্টন, পেমেন্ট,হলের রেগুলার কাজ), ডিপার্টমেন্ট (কমপ্লিট একাডেমিক প্রোফাইল, কোর্স, টিচার ইভালুয়েসন সহ সকল রেগুলার কাজ) এবং সকল প্রশাসনিক কাজ (সকল স্টুডেন্ট সার্ভিস, ই - নথি সহ রেগুলার কাজ) ইনক্লুড থাকবে।

১৫. টিচার হু ইন্সপায়ার্ড মি থিমে শিক্ষার্থীদের ভোটিংয়ের মাধ্যমে বেস্ট টিচার অ্যাওয়ার্ডে চালুর সিদ্ধান্ত গৃহীত হয়।

১৬. প্রতিবন্ধী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে একটি ডিসএবিলিটি সাপোর্ট সেল কমিটি গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনায় ডাকসুর নেতৃবৃন্দ ভিসি মহোদয়কে এর কাছে গুরুত্ব তুলে ধরেন। এতে ভিসি মহোদয় নীতিগত সম্মতি জানান। 

১৭. ডাকসু সংগ্রহশালার দ্রুত সংস্কার সম্পন্ন করে চলতি মাসের মধ্য উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১৮. ডাকসুর উদ্যোগে পাওয়া বরাদ্দের দুই কোটি টাকা দিয়ে কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারের জন্য জোর দাবি জানানো হয়। 

১৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটে সুনির্দিষ্টভাবে পাসের তারিখ ও প্রদানের তারিখ উল্লেখ না থাকায় উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের সার্টিফিকেটে তথ্যগুলোর (তারিখ) কারণে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। হয়রানি রোধে সার্টিফিকেটে পাসের তারিখ এবং প্রদানের তারিখ আলাদা আলাদা যুক্ত করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয় এবং ভিসি মহোদয়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

২০. আবাসিক হলগুলোতে সিট বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছ নীতিমালা প্রণয়নের অগ্রগতি তদারকির সিদ্ধান্ত নেওয়া হয় এবং দ্রুত তা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে ভিসিকে জোর দাবি জানায় ডাকসু। ভিসি মহোদয়ও এতে ইতিবাচক সম্মতি দেন। 

২১. শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার ও গবেষণার পরিবেশ তৈরির লক্ষে প্রতিটি হলে আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার স্থাপন এবং একজন করে অপারেটর নিয়োগের প্রস্তাবের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে উপাচার্য ইতিবাচক আশ্বাস দিয়েছেন। 

২২. শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ চালুর অগ্রগতি নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে উপাচার্য ইতিবাচক আশ্বাস দিয়েছেন। 

২৩. নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসে রিকশা চলাচল নিয়ন্ত্রণ, প্রবেশদ্বারে প্রয়োজনীয় জনবল নিয়োগ, ডিজিটাল গেট স্থাপন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করে ডাকসু। এ ব্যাপারে ভিসি মহোদয় ইতিবাচক আশ্বাস দেন।

২৪. শিক্ষার্থীদের জীবনযাত্রার মানোন্নয়নে হলপাড়ায় ফার্মেসি ও সাইকেল গ্যারেজ স্থাপনের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার দাবি জানানো হয়। ভিসি মহোদয় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আশ্বাস দেন।

২৫. নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত জিমনেসিয়াম চলতি মাসে উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।

২৬. অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে অনাবাসিক নারী শিক্ষার্থীদের হলে প্রবেশাধিকার, আন্তঃহল যাতায়াতের সুযোগ বৃদ্ধির সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখতে ডিজিটাল এন্ট্রি ও এক্সিট ব্যবস্থা চালুর জন্য বিগত সিদ্ধান্তের আলোকে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের জোরালো সহযোগিতা কামনা করা হয়। এ ব্যাপারেও ভিসি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

২৭. দীর্ঘদিন বন্ধ থাকা ই-লাইব্রেরির ডিটেইলস ইন্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট পরবর্তী সুপারিশের আলোকে দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে প্রশাসনের নিকট জোরালো দাবি জানানো হয় এবং ভিসি স্যার নিপা ভবনের সংস্কারের উদ্যোগ নিবেন বলে আশ্বাস দেন। 

২৮. বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ৮৪১ কোটি টাকার বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলোর প্রথম ধাপে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো বাদ দেওয়া হয়েছে বলে আলোচনা করেন ডাকসু নেতৃবৃন্দ। আলোচনায় প্রথম ধাপে অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষার্থীদের আবাসিক হল অন্তর্ভুক্তির ব্যাপারে ডাকসু ভিসি মহোদয়কে আহবান জানায়। ভিসি মহোদয় এতে ইতিবাচক মনোভাব পোষন করেন। 

২৯. শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমা সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায় ডাকসু নেতৃবৃন্দ। ভিসি মহোদয় দাবির প্রেক্ষিতে এটি বাস্তবায়নে প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা করবেন বলে জনান।