সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ডাকসু প্রতিনিধিদলের বৈঠক
সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ক্যাম্পাসে উদ্বাস্তু, ভবঘুরে ও আশ্রয়হীন ব্যক্তিদের অপসারণের জন্য অ্যাকটিভ মনিটরিং টিম গঠন, পুনর্বাসন এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকার বিদ্যমান অনিরাপত্তা নিয়েও আলোচনা করা হয়। বিশেষ করে এসব এলাকায় মাদক চালান, মাদকসেবন, হয়রানি ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা তুলে ধরা হয়। এ সমস্যাগুলোর দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়।
এছাড়া নারী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইনসহ যুগোপযোগী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা করা হয়।
ডাকসুর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা এবং কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির। ডাকসুর প্রস্তাবনার প্রেক্ষিতে মাননীয় মন্ত্রী ব্যবস্থা গ্রহণ করবেন বলে অভিমত ব্যক্ত করেন।