১৬ আগস্ট ২০২৬, ২০:৫১

শিক্ষার্থীকে হেনস্তা, ঢাবির সেই প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন

শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করছেন ডাকসু নেতারা  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থীকে হেনস্তার জেরে সেই হলের প্রভোস্টের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছে হলের আবাসিক শিক্ষার্থীরা। রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে হল প্রভোস্টের পদত্যাগ চেয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ শুরু করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার ও ফজলুল হক হল সংসদের ভিপি-জিএসসহ অন্যান্য নেতারা।

এর আগে, হলের সংকট নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় হল প্রভোস্টের বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ আনেন বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী মো: ইব্রাহীম। তার অভিযোগ, হল প্রভোস্টের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট শেয়ার দেওয়ায় তাকে প্রভোস্ট অফিসে ডেকে নিয়ে দেড় ঘণ্টা ধরে মৌখিক ও শারীরিক হেনস্তা করা হয়। এক পর্যায়ে তার মাকে ফোন দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়।