১৬ আগস্ট ২০২৬, ১৮:৪০

নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে চবির আওয়ামীপন্থি কর্মকর্তা আটক

হলের সেকশন অফিসার সরোয়ার হোসেন খোকন ও চবি লোগো  © টিডিসি সম্পাদিত

নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিলকে কেন্দ্র করে পুলিশের অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ. এফ রহমান হলের সেকশন অফিসার সরোয়ার হোসেন খোকনকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে হাটহাজারী থানা পুলিশ তাকে আটক করে বলে জানা গেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) হাটহাজারী উপজেলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা মিছিল করেন এবং মিছিল পরবর্তী ঘটনাস্থলে অভিযান চালিয়ে চবির এ.এফ রহমান হলের সেকশন অফিসার সরোয়ার হোসেন খোকনকে আটক করে পুলিশ।

এদিকে, গ্রেফতারের পর তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক রেজিস্ট্রার এবং অফিসার সমিতির নেতৃবৃন্দসহ কয়েকজন চেষ্টা করছেন বলে বিশ্ববিদ্যালয় ও থানা সূত্রে জানা গেছে।

মুঠোফোনে হাটহাজারী থানার ডিউটি অফিসার রুবিনা আক্তার বলেন, এ বিষয়টি নিয়ে আমার কোনো কিছু জানা নেই। আমি কিছুক্ষণ আগে ডিউটিতে এসেছি। তাই আমি এখন কিছু বলতে পারছি না।

হাটহাজারী থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, ‘যুবলীগের স্থানীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। তবে ওনার বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না। আমি এখন ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলা যাবে।’

চবির এ. এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী বলেন, ‘আমাদের এই কর্মকর্তার গ্রেফতার হয়েছে বলে আমি জানতে পেরেছি। তবে কী কারণে গ্রেফতার হয়েছে সেটা আমি জানি না। আমাদের বিশ্ববিদ্যালয়ের কেউ তাকে ছাড়ানোর চেষ্টা করেছে কিনা সে বিষয়ে আমার কোনো সুস্পষ্ট ধারণা নেই।’

চবি উপ-উপাচার্য (প্রশাসন) ড. সফিকুল ইসলাম বলেন, ‘আমি গ্রেফতারের বিষয়টি শুনেছি। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মিছিল করতে গিয়ে ওইখানে গ্রেপ্তার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’