জাবিতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও জাতীয়তাবাদী ছাত্রদল, জাবি শাখার উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মুহম্মদ বাবর বলেন, আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা মহান আল্লাহর দরবারে সমবেত হয়েছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম বলেন, আজকের এই মিলাদ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করব, যেন তিনি তাঁর প্রতি রহমত বর্ষণ করেন। এ আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। দেশের বিভিন্ন সংকট ও দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আজকের এই আয়োজনের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন এবং উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। মহান আল্লাহ আমাদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।
দোয়া ও মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য, ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।