১৫ আগস্ট ২০২৬, ২০:০১

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাকসুর নারী এজিএস মেঘলা

বিবাহবন্ধনে আবদ্ধ জাকসুর নারী এজিএস মেঘলা  © সংগৃহীত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নারী এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) পারিবারিকভাবে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে তার বিয়ে সম্পন্ন হয়।

‎আজ শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জাকসুর কার্যকরী নারী সদস্য নাবিলা বিনতে হারুন।

‎জানা গেছে, মেঘলার স্বামীর নাম আস সাদিক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’র ২০২১-২২ সেশনের সাবেক সভাপতি।

‎এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেঘলার বিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে বিয়ের বিষয়ে মেঘলার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎আয়শা সিদ্দিকা মেঘলা জাকসুর সর্বশেষ নির্বাচনে নারী এজিএস পদে ৩ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী। নির্বাচনের আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।

‎এদিকে, মেঘলার বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তার সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। নবদম্পতির নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তারা।