ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল সংসদের উদ্যোগে ‘দ্রোহের বারুদ: গণরুম থেকে গণঅভ্যুত্থানের মহাকাব্য’ ও ‘নিঃশব্দের জবানবন্দি: গণরুম-গেস্টরুমের আখ্যান’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কনফারেন্স রুমে আজ শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ‘বিজয় একাত্তর হল সংসদ থেকে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন’ শীর্ষক প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্না। সঞ্চালনা করেন হল সংসদের সাহিত্য সম্পাদক মো. ইউসুফ আবদুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাকসু ভিপি মো. আবু সাদিক কায়েম। এছাড়াও উপস্থিত ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মাদ, পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ও ক্যারিয়ার এন্ড ডেভলাপমেন্ট বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলামসহ বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ।
‘দ্রোহের বারুদ: গণরুম থেকে গণঅভ্যুত্থানের মহাকাব্য’ ম্যাগাজিনটি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে। এই ম্যাগাজিনে জুলাই নিয়ে হলের শিক্ষার্থীদের গল্প, ছোটগল্প, কবিতা, স্মৃতিচারণ ও গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে।
আর ‘নিঃশব্দের জবানবন্দি: গণরুম-গেস্টরুমের আখ্যান’ ম্যাগাজিনে ফ্যাসিবাদী আমলে শিক্ষার্থীদের গণরুম ও গেস্টরুমের দুঃসহ ঘটনাবলি ও স্মৃতিগুলো স্থান পেয়েছে।