০৭ আগস্ট ২০২৬, ১৬:০০

ডাকসুর উদ্যোগে ঢাবিতে ৬ শতাধিক শিক্ষার্থী নিয়ে মাসব্যাপী ‘লেখালেখি ও নাট্য কর্মশালা’র বর্ণাঢ্য উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজনে ‘লেখালেখি ও নাট্য কর্মশালা’।  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজনে এবং ‘বাংলাদেশ সাহিত্যকেন্দ্র’ ও ‘নটনাট্য’র সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মাসব্যাপী ‘লেখালেখি ও নাট্য কর্মশালা’। তরুণ প্রজন্মের মাঝে সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রতি নতুন সাড়া জাগানোর পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল লেখালেখি ও নান্দনিক নাট্যশৈলীতে উৎসাহিত করতে আয়োজনের উদ্বোধন করা হয়েছে। 

আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে এক উৎসবমুখর পরিবেশে এ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে অত্যন্ত আগ্রহের সাথে নিজেদের নাম নিবন্ধিত করেন। উদ্বোধনী সেশনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান সাহিত্যিক, শিক্ষক, নাট্যকর্মী ও সংস্কৃতিজনেরা। 

কর্মশালায় স্বাগত বক্তব্যে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘আমরা ডাকসুর পক্ষ থেকে চেষ্টা করেছি শিক্ষার্থীদের লেখালেখিতে উৎসাহিত করতে। সে কারণে আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা ছিল—কীভাবে অধিক পরিমাণ শিক্ষার্থীকে এখানে সম্পৃক্ত করা যায়। সে জন্য আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি কর্মশালার আয়োজন করেছি এবং এটি আমাদের আরেকটি উদ্যোগ। এই উদ্যোগে ইতোমধ্যে প্রায় ৬০০-র মতো শিক্ষার্থী নিবন্ধন করেছেন এবং তারা এই কর্মশালা থেকে শিখবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা সপ্তাহে দুটি করে অনলাইন ক্লাস এবং একটি করে সরাসরি ক্লাস নেওয়ার চেষ্টা করব। আগামী এক মাসের মধ্যেই এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে। এর মাঝে যারা প্রশিক্ষণার্থী আছেন, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে লেখালেখির উপযোগী করা যদি সম্ভব হয়, তবে তাদের কাছ থেকে লেখা নিয়ে আমরা একটি স্মারকগ্রন্থ প্রকাশ করব। ডাকসুর পক্ষ থেকে আমাদের এই আন্তরিক প্রচেষ্টাগুলো থাকবে। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের যেকোনো প্রয়োজন পূরণ করতে। সে জায়গায় আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।’

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন লেখক ও গবেষক মোহাম্মদ জসিম উদ্দিন, কবি আফসার নিজাম, নাট্যকার ও নির্মাতা হুসনে মোবারক, চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা এইচ এম তানভীর হাসান, কবি তাসনিম মাহমুদ, কবি ফরিদ সাঈদ এবং আবৃত্তিকার তারিক হাসিব। অতিথিবৃন্দ তাদের আলোচনায় সৃজনশীল চিন্তা, গল্প ও নাট্যরচনা এবং মঞ্চ পরিবেশনার গুরুত্বপূর্ণ কৌশলগুলো নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

মাসব্যাপী পরিচালিত এ কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অনলাইন ও সরাসরি উভয় মাধ্যমের প্রশিক্ষণ সেশনে যুক্ত থাকার সুযোগ পাবেন। নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে মানসম্মত লেখা বাছাই করে একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী দিনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা লেখালেখি ও নাট্যচর্চা নিয়ে নিজেদের ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।