সমকামিতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহর নেতৃত্বে প্রতিবাদ মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমকামিতার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহর নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
আজ সোমবার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাস শ্যাডো, ভিসি চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাচ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা সমকামিতাবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের হীন্য কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ বলেন, বাংলাদেশের শীর্ষ মেধাবীদের তীর্থস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে এ ধরনের চরম অনৈতিক এবং সভ্যতা-বিবর্জিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে যারা এসব কর্মকাণ্ডের আশ্রয়-প্রশ্রয়দাতা, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।