জুলাই গণঅভ্যুত্থান মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, দেশপ্রেম ও গণতন্ত্রের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, দেশপ্রেম এবং গণতন্ত্রের আকাঙ্ক্ষার সম্মিলিত বহিঃপ্রকাশ। রবিবার (২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কিশোরী লাল রায় চৌধুরী অডিটোরিয়ামে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার এই আন্দোলন দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতিকে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন সুযোগ এনে দিয়েছে। ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও বিশেষ স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন- নয়ন দাস, প্রিয়রঞ্জন দাস প্রান্ত ও পাপন ত্রিপুরা।
হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পালের সভাপতিত্বে জগন্নাথ হলের আবাসিক শিক্ষক ড. প্রমথ মিস্ত্রী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসু, হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মধুসূদন কুন্ডু হৃষীকেশ, সদস্য-সচিব প্রসেনজিৎ বিশ্বাস ও সিনিয়র যুগ্ম আহবায়ক নিত্যানন্দ পাল এবং হল শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বিষ্ণু পন্ডিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আয়োজক কমিটির আহ্বায়ক আবাসিক শিক্ষক সঞ্জয় দে রিপন অনুষ্ঠান সঞ্চালন করেন।
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ঢাবির যত আয়োজন
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট: ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার (৩ আগস্ট) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘ চেতনায় জুলাই গণ-অভ্যুত্থান: দায়িত্ববোধ এবং আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী, সাংস্কৃতিক ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পদার্থবিজ্ঞান বিভাগ: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে আজ বেলা আড়াইটায় মোকাররম ভবনে পদার্থবিজ্ঞান বিভাগের কক্ষে ‘জুলাই বিপ্লব ও গণ-অভ্যুত্থান: স্মৃতিচারণ ও আলোচনা সভা ২০২৬’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ. ম ইউসুফ হায়দার মুখ্য আলোচক থাকবেন। পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার সভায় সভাপতিত্ব করবেন।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এউপলক্ষ্যে আজ সোমবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গণিত বিভাগ: গণিত বিভাগের উদ্যোগে এ উপলক্ষ্যে আজ সোমবার রেজাউর রহমান মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণিত বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক শাপলা শিরিনের সভাপতিত্বে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি এবং বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জুলাই শহীদ ফারহান ফাইয়াজের পিতা বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান স্বাগত বক্তব্য দেন।
অন্য খবর: ইনকোর্স নম্বর ও উপস্থিতির হার নিয়ে নতুন নির্দেশনা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির
উদ্ভিদবিজ্ঞান বিভাগ: ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে ‘স্মৃতিতে রক্তাক্ত জুলাই ২০২৪’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি এবং জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
ফলিত গণিত বিভাগ: ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল ৪ আগস্ট বেলা ১১টায় এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান অডিটোরিয়ামে ‘জুলাই টাইম লাইন ২০২৪: আকাঙ্ক্ষা, প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভা ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন বিশেষ অতিথি উপস্থিত থাকবেন। ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম শাহাদাত হোসেন সভায় সভাপতিত্ব করবেন।
সমাজবিজ্ঞান বিভাগ: সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ উপলক্ষ্যে আজ সোমবার সামাজিক বিজ্ঞান অনুষদের ৫১৬ নাম্বার কক্ষে ‘জুলাইয়ের প্রশ্ন ও প্রত্যাশা: সমাজবিজ্ঞান শিক্ষার্থীদের পর্যালোচনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সমাজবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান প্রধান অতিথি এবং লেখক ফিরোজ আহমেদ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।