০১ আগস্ট ২০২৬, ১৯:৩৯

দেশের প্রথম ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ক এক্সিকিউটিভ প্রশিক্ষণ কর্মসূচি শুরু

দেশের প্রথম এক্সিকিউটিভ শিক্ষা কর্মসূচি ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিপিবিএ)’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু  © সংগৃহীত

দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের পেশাজীবীদের জন্য বিশেষভাবে নকশা করা দেশের প্রথম এক্সিকিউটিভ শিক্ষা কর্মসূচি ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিপিবিএ)’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

আজ শনিবার (১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি চালু করা হয়েছে। 

জানা গে‌ছে, ছয় মাসব্যাপী এ এক্সিকিউটিভ কর্মসূচির লক্ষ্য সম্ভাবনাময় ফার্মাসিউটিক্যাল পেশাজীবীদের নেতৃত্বের দক্ষতা, ব্যবসায়িক প্রজ্ঞা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আরও বিকশিত করা। শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে এ উদ্যোগ একটি অনন্য অংশীদারিত্বের দৃষ্টান্ত। এসিপিবিএ-ই দেশের প্রথম পূর্ণাঙ্গ কর্মসূচি, যা বিশেষভাবে ফার্মাসিউটিক্যাল শিল্পের ব্যবসায়িক, নিয়ন্ত্রক, বাণিজ্যিক, উৎপাদন, উদ্ভাবন এবং নেতৃত্বসংক্রান্ত বাস্তব চাহিদা বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে।

কর্মসূচিতে প্রশিক্ষণ দেবেন আইবিএ-এর অভিজ্ঞ শিক্ষক এবং দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল শিল্পের জ্যেষ্ঠ নির্বাহীরা। নির্ধারিত উপস্থিতি, একাডেমিক মূল্যায়ন এবং অন্যান্য শর্ত সফলভাবে পূরণকারী অংশগ্রহণকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিপিবিএ) প্রদান করা হবে।

আজ কর্মসূচিটির প্রথম ব্যাচের উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়। প্রথম ব্যাচে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি, সাইনোভিয়া ফার্মা পিএলসি এবং নুভিস্তা ফার্মা লিমিটেডের মোট ৪৭ জন অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানের টেকসই সাফল্যের মূল ভিত্তি হলো তার মানবসম্পদে ধারাবাহিক বিনিয়োগ। তাদের মতে, এসিপিবিএ একদিকে আইবিএর একাডেমিক উৎকর্ষ এবং অন্যদিকে শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পে এক্সিকিউটিভ শিক্ষার নতুন মানদণ্ড স্থাপন করবে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্প বর্তমানে বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করছে। এমন পরিস্থিতিতে এসিপিবিএ-এর মতো উদ্যোগ ভবিষ্যতের এমন নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রাব্বুর রেজা, আইবিএ-এর অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কর্মসূচির মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির এক্সিকিউটিভ ডিরেক্টর ও মানবসম্পদ বিভাগের প্রধান এম. এ. আরশাদ ভূঁইয়া।

এছাড়াও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সাইনোভিয়া ফার্মা এবং নুভিস্তা ফার্মার ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা একটি মাস্টারক্লাস পরিচালনা করেন।