৩০ জুলাই ২০২৬, ১৭:৩৮

সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র

অভিযুক্ত শিক্ষার্থী নাঈমুর রেজা ও ঢাবি লোগো   © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে তার বিভাগের ছাত্র উপদেষ্টার জিম্মায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে বিভাগের ছাত্র উপদেষ্টার জিম্মায় হস্তান্তর করা হয়।

তিনি বলেন, ঘটনার খবর পেয়ে প্রথমে হল প্রশাসন শিক্ষার্থীকে নিজেদের জিম্মায় নেয়। পরে বিষয়টি প্রক্টর অফিসকে জানানো হলে শাহবাগ থানার সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে বিভাগের ছাত্র উপদেষ্টা, সংশ্লিষ্ট শিক্ষক ও প্রশাসনের উপস্থিতিতে শিক্ষার্থীকে বিভাগের জিম্মায় হস্তান্তর করা হয়। হল প্রশাসন ইতোমধ্যে শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীর কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হয়েছে যে ভবিষ্যতে তিনি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত হবেন না। শর্ত ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয় থেকেও স্থায়ী বহিষ্কারের বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীর পূর্বের আচরণ সম্পর্কে ইতিবাচক মতামত দিয়েছেন এবং সে বিবেচনায় প্রশাসন মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি মানবিক ও প্রশাসনিক মউভয় দিক বিবেচনা করে নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে হলের নিরাপত্তা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বহিরাগতদের প্রবেশে পরিচয় যাচাই এবং গেট ব্যবস্থাপনায় আরও কঠোরতা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী একটি অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচিত এক ব্যক্তিকে হলে আমন্ত্রণ জানান। তবে নির্ধারিত কক্ষে যাওয়ার পরিবর্তে ওই ব্যক্তি ভুলবশত অন্য একটি কক্ষের দরজায় কড়া নাড়লে সেখানে থাকা শিক্ষার্থীদের সন্দেহ হয়।

পরে শিক্ষার্থীরা ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং তার মোবাইল ফোনে থাকা কথোপকথন যাচাই করে সন্দেহজনক তথ্য পাওয়ার দাবি করেন। এরপর বিষয়টি হল প্রশাসনকে জানানো হলে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষার্থী ও ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের করা হয়।

জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নাঈমুর রেজা নামের এক শিক্ষার্থী। অভিযুক্ত বহিরাগত ব্যক্তি ব্যানবেইস এ চাকরি করেন। তার স্থানীয় ঠিকানা ফরিদপুরের ভাঙা উপজেলায় এবং বর্তমানে রাজধানীর মালিবাগে থাকে। তিনি ব্লু অ্যাপসের মাধ্যমে অনেকের কাছে টাকার বিনিময়ে সার্ভিস প্রদান করেন।