২৯ জুলাই ২০২৬, ২০:০৫

পদ ছাড়লেন জাবি প্রক্টর, নতুন দায়িত্বে অধ্যাপক জাকির

নতুন প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেন ও অব্যাহতি পাওয়া অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম  © টিডিসি সম্পাদিত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম। তার স্থলাভিষিক্ত হিসেবে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমের অনুরোধের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৯ জুলাই অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন।

‎এছাড়া বিদায়ী ও নবনিযুক্ত প্রক্টরকে যথাসময়ে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নানা ইস্যুকে কেন্দ্র করে প্রক্টরিয়াল বডিকে ঘিরে আলোচনা চলছিল। এর মধ্যেই অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন প্রক্টর নিয়োগ দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।