২৮ জুলাই ২০২৬, ১৫:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজই নিষিদ্ধ হচ্ছে আ’লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল?

ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলকে নিষিদ্ধ করা হতে পারে বলে গুঞ্জন উঠেছে। এ বিষয়ে আজ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিশ্ববিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হতে পারে। এরইমাঝে গতকাল সোমবার বিকেলে ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষকবৃন্দের’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক উপাচার্যের কাছে এক স্মারকলিপি প্রদান করেন। এ সময় বিএনপি ও জামায়াতপন্থী শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে তারা নীল দলের রাজনৈতিক কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করার পাশাপাশি বিগত সরকারের সময়ে বিতর্কিত ও ছাত্রবিরোধী ভূমিকা পালনকারী ১২৫ জন শিক্ষকের একটি তালিকা জমা দিয়ে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরদিনই এ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় নীল দল এবং তাদের অনুসারীদের কর্মকাণ্ডের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় এ স্মারক‌লি‌পি‌তে উ‌ল্লেখ করা হয়। সেগু‌লো হল- ২০২৪ সালে ১৬ই জুলাই আবু সাঈদ নিহত হওয়ার পর থেকে যখন সারা দেশে শত শত শিক্ষার্থী শহীদ হচ্ছিলেন, তখন ২০২৪ সা‌লের ১লা আগস্ট নীল দলের শিক্ষকরা সংবাদ সম্মেলন করে নির্লজ্জভাবে শিক্ষার্থীদের ‘রাষ্ট্রদ্রোহী মহলের ষড়যন্ত্রের ক্রীড়নক’ হিসেবে আখ্যায়িত করে আন্দোলন পরিহার করার আহ্বান জানিয়ে সরাসরি ছাত্রহত্যার পক্ষে অবস্থান নেয়।

পাশাপাশি নীল দলের শিক্ষকরা এ সংবাদ সম্মেলনে ৩০ জুলাই সংবাদ সম্মেলন করে সেসময়ে সংঘটিত গণহত্যার জন্য সরকারের পদত্যাগ দাবি করায় সাদা দলের শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ করে মামলা করার হুমকি প্রদান করে। ৩ আগস্ট নীল দলের ব্যানারে তারা একটি র‍্যালি ও মানববন্ধন করে। সেখানে ব্যানারে "কোটা আন্দোলনকে কেন্দ্র করে সকল হত্যা, নাশকতা ও ধ্বংসযজ্ঞের দ্রুত বিচার" দাবি করা হয়। এই মানববন্ধনের মাধ্যমে তারা মূলত শহীদদের রক্তের সাথে বেইমানি করে আন্দোলনকারী শিক্ষার্থীদেরই নাশকতার জন্য দায়ী করে।

আরও খবর: বিভাগের ৩ অ্যাকাউন্টের ২৪ লাখ টাকার হিসাব না দিয়ে অব্যাহতিপ্রাপ্ত রাবি অধ্যাপক ফিরলেন প্রোভিসি হয়ে

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) আবদুস সালাম আজ মঙ্গলবার দুপুরের পর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নীল দলকে নিষিদ্ধ করার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল একটি দাবি পেয়েছি। এ বিষয়ে আজকের সিন্ডিকেট মিটিংয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষক ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভার আগের দিন সাদা দলের এ দাবি জানানোর বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। তারা ক্ষমতাসীন দলের সমর্থক হওয়ায় নিষিদ্ধ করার বিষয়টি আমলে নেওয়া হতে পারে বলে তারা ধারণা করছেন।