২৪ জুলাই ২০২৬, ১৭:৪৯

দুই মাস তালাবদ্ধ জাবি প্রক্টর কার্যালয়

দুই মাস তালাবদ্ধ জাবি প্রক্টর কার্যালয়  © প্রতিনিধি

গত ১৭ মে থেকে দুই মাস ৮ দিন তালাবদ্ধ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অফিস। এতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশাসনিক সেবা ও প্রক্টর অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থার দ্রুত সমাধানে আন্দোলনরত শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মুহাম্মদ বাবর বলেন, দীর্ঘদিন ধরে প্রক্টর অফিস বন্ধ থাকায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা ব্যাহত হচ্ছে। আমরা আশা করি, আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে দ্রুত তালা খুলে প্রক্টর অফিসের স্বাভাবিক কার্যক্রম চালু করবে।

জাবি শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, প্রক্টর অফিস দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীদের নানা ধরনের কাজ ব্যাহত হচ্ছে। এটি প্রশাসনের দায়িত্বের মধ্যেই পড়ে। কয়েকজন শিক্ষার্থীর কর্মসূচির কারণে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে। আমরা প্রশাসনকে বলেছি, এভাবে চলতে পারে না। আজ যদি অন্য কোনো দল বা শিক্ষার্থীরা ভিন্ন দাবিতে একইভাবে তালা লাগিয়ে দেয়, তাহলে সেটিও কি মেনে নেওয়া হবে?

‎তিনি আরও বলেন, যারা তালা ঝুলিয়েছেন তারা শিক্ষার্থী হিসেবেই কর্মসূচি পালন করেছেন, তবে তাদের রাজনৈতিক পরিচয়ও রয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা উচিত। আমরা চাই প্রশাসন ও আন্দোলনকারীরা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে পৌঁছাক এবং প্রক্টর অফিসের কার্যক্রম স্বাভাবিক হোক।

ছাত্র ইউনিয়ন জাবি শাখার সভাপতি জাহিদুল ইমন বলেন, যৌক্তিক আন্দোলনকে কাঠামোগতভাবে জারি না রেখে শুধু অফিসে তালে দিয়ে ঘুমানোর কোনো অর্থ নেই। এ ধরনের হঠকারিতা সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সংগ্রামকে ক্ষতিগ্রস্ত করবে।

‎উল্লেখ্য, গত ১২ মে আনুমানিক রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হওয়ায় প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন একদল আন্দোলনকারী শিক্ষার্থী। এরপর থেকে কার্যালয়টি কার্যত বন্ধ রয়েছে।