রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে রাজু ভাস্কর্যে অনশন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবরের মধ্যে ‘মঞ্চ-২৪’ একটি সংগঠনের নেতাকর্মীরা তাঁর গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেছেন। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৫টা থেকে এই অনশনে বসেন তারা।
অনশনে মঞ্চ-২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, সাহাবুদ্দিন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের এক্সটেনশন। আজকে এটাই প্রমাণিত হয়েছে, তিনি শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তাই তাকে অপসারণ করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। কারণ জুলাই গণঅভ্যুত্থানে যেসব মানবতাবিরোধী অপরাধ হয়েছে তার প্রতিটি পৃষ্ঠপোষকতা করেছেন তিনি। তাই আজকে রাতের মধ্যে তাকে গ্রেপ্তার করতে হবে।
রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন আগামী শনিবারের (২৫ জুলাই) মধ্যে পদত্যাগপত্রে স্বাক্ষর করবেন বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। আর এই পদত্যাগের মধ্যদিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধ্যায়ের অবশেষে সমাপ্তি ঘটতে যাচ্ছে। সূত্র জানায়, সরকারের উচ্চ মহল থেকে রাষ্ট্রপতিকে ইতোমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার কথা।
বলা হয়েছে ২৫ জুলাইয়ের আগেই তিনি যেন এই পদত্যাগপত্রে সই করেন। অর্থাৎ এবারের ৫ আগস্টের আগেই দেশ একজন নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছে।