ঢাবি ক্যাম্পাসে পুনর্লিখন হবে জুলাই-গ্রাফিতি, তৎকালীন অঙ্কন শিল্পীদের আমন্ত্রণ
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অঙ্কিত জুলাই-গ্রাফিতিগুলো পুনরায় রংকরণ ও পুনর্লিখনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কার্যক্রমে অংশ নিতে তৎকালীন গ্রাফিতি অঙ্কন শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে আজ বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে আগামী ২৬ জুলাই থেকে পুনর্লিখন কার্যক্রম শুরু হবে। উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত গ্রাফিতি পুনর্লিখনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে।
এ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে চারুকলা অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং আরবরি কালচার সেন্টারের পরিচালককে। জুলাই গণ-অভ্যুত্থানের পর গ্রাফিতি অঙ্কনে অংশ নেওয়া শিল্পীদের পাশাপাশি আগ্রহী সৌখিন শিল্পীদেরও এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। অংশ নিতে আগ্রহীদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে ০১৭১৬১১৬০২৩ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাম ও ঠিকানা নিবন্ধন করতে বলা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী নানা কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ বুধবার সন্ধ্যা ৭টায় নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসে জুলাই স্মৃতিচারণ, আলোচনা, রচনা প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
এ ছাড়া ২৬ জুলাই বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন আবাসিক হলের উদ্যোগে আলোচনা সভা, সেমিনার, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রদর্শন, স্মৃতিচারণ, কুইজ, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি প্রজ্বলন এবং বিশেষ প্রকাশনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এসব কর্মসূচির মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং ক্যাম্পাসের ঐতিহাসিক গ্রাফিতিগুলো দীর্ঘমেয়াদে সংরক্ষণ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।