২১ জুলাই ২০২৬, ১১:২০

রাবি শিক্ষার্থীকে মারধর, ৪ দফা দাবি জানাল রাকসু

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ওপর পদ্মা এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) কর্তৃক হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। একই সঙ্গে ঘটনার বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২১ জুলাই) রাকসুর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের সময় কর্তব্যরত এক টিটিই সরকারি রসিদ ছাড়া ঘুসের বিনিময়ে বিনা টিকিটের যাত্রী পরিবহনের সুযোগ দিচ্ছিলেন। ওই শিক্ষার্থী এর প্রতিবাদ করলে টিটিই ও তার সহযোগীরা তাকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে মারধর করেন বলে অভিযোগ করা হয়।

এতে আরও বলা হয়, হামলার একপর্যায়ে অভিযুক্ত টিটিই শিক্ষার্থীকে চলন্ত ট্রেনের দরজার দিকে ধাক্কা দেন। তবে দরজা বন্ধ থাকায় তিনি প্রাণে বেঁচে যান। রাকসুর দাবি, এটি পরিকল্পিত হত্যাচেষ্টার শামিল এবং এমন ঘটনা সাধারণ যাত্রীদের নিরাপত্তার জন্যও বড় হুমকি।

ঘটনার পর রাকসু চার দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো— অভিযুক্ত টিটিইকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সামনে উপস্থিত করে জবাবদিহির আওতায় আনা, ঘুস ও দুর্নীতির অভিযোগে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে হত্যাচেষ্টার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগী শিক্ষার্থীকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে সকল দূরপাল্লার ট্রেনের বাধ্যতামূলক যাত্রাবিরতি নিশ্চিত করা।

বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করে অভিযুক্ত রেলকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে, যার দায়ভার সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষকে বহন করতে হবে।