২১ জুলাই ২০২৬, ০৮:৪৩

ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধর টিটিদের, প্রতিবাদে রেললাইন অবরোধ

রেললাইন অবরোধ করেছেন রাবি শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদ করার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রকে মারধরে অভিযোগ উঠেছে টিটিদের বিরুদ্ধে। এর প্রতিবাদে মঙ্গলবার (২১ জুলাই) ক্যাম্পাস সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তারা ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফোরকান উদ্দীন। শিক্ষার্থীরা জানান, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফিরছিলেন আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টিটিরা টাকা আদায় করায় এর প্রতিবাদ করেন। এ জন্য তাকে মারধর করেন টিটিরা। 

এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ফলে রাজশাহীর সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দীন আম্মার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, ‘আমার কাছে রাত সাড়ে ৩টায় কল আসে যে তাকে মারধর করা হয়েছে। টিটি কর্তৃক মারধর করার ব্যাপারটা খুবই আনএক্সপেক্টেড। যখন ট্রেনটা আসে সাড়ে ৫টার দিকে, আমরা যাই ব্যাপারটা সলভ করার জন্য। কারণ এটা নিয়ে সমাধান চেয়েছি। না হলে বিশ্ববিদ্যালয় স্টেশন বাজারেই আমরা ট্রেনটি আটকে দিতে পারতাম।’

আরও পড়ুন: মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্তে ৩০টির বেশি সুপারিশ, বাস্তবায়িত হয়নি কোনোটিই

তিনি বলেন, ‘আমরা শুনতে পারলাম যে, টিটিকে তারা আগের স্টেশনে বের করে দিয়েছে। আইন বিভাগের শিক্ষার্থী আইন সম্পর্কে ভালো জানেন। এ জন্য এজন্য উনি প্রটেস্ট করেছেন। বাংলাদেশ রেলওয়ে থেকে প্রতি বছর লাভ তো নেইই, কোটি কোটি টাকা লোকসান দেখায় শুধুমাত্র এ কারণে যে, যাত্রীদের কাছ থেকে টিটি টাকা নিয়ে জালিয়াতি করে। এই ঘুষ নেয়ার যে সিস্টেম, এটার প্রতিবাদ করেছে।’

এ প্রতিবাদের কারণে শিক্ষার্থীকে দুই বগির মাঝখানে ফাঁকা জায়গায় কিল-ঘুষি মারে এবং তার পা কেটে গেছে জানিয়ে তিনি বলেন, ‘তার চশমাটা ভেঙে গেছে। গুরুতর ব্যাপার হচ্ছে, যদি গেটটা আটকানো না থাকতো, উনি পড়ে গিয়ে ইনস্ট্যান্ট মারা যেতে পারতেন।’