১৮ জুলাই ২০২৬, ২১:০০

বিশ্ববিদ্যালয়ের চীনা শিক্ষককে বিয়ে করলেন চবির হল সংসদের এজিএস

সুমাইয়া আক্তার ও চবির চীনা শিক্ষক ঝিহুয়া ঝাং  © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ঝিহুয়া ঝাংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্ববিদ্যালয়টির নবাব ফয়জুন্নেসা হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সুমাইয়া আক্তার। গত ১৪ জুলাই অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উভয়ের বিবাহ সম্পন্ন হয়। আজ শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ঘোষণা দিয়েছেন সুমাইয়া নিজে।

সুমাইয়া আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী। ক্যাম্পাস থেকে ২৩ কিলোমিটার দূরে চট্টগ্রাম শহরে টিউশনি খোঁজার ঝঞ্ঝাট এড়িয়ে বিশ্ববিদ্যালয়ে পিঠা বিক্রির উদ্যোগ নিয়ে ভালো সাফল্য পেয়ে আলোচিত হয়েছিলেন তিনি। সর্বশেষ গত বছরের ১৫ অক্টোবর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে নবাব ফয়জুন্নেসা হল থেকে এজিএস নির্বাচিত হন তিনি।

অপরদিকে বর ঝিহুয়া ঝাং চীনের পূর্বাঞ্চলের শানদং প্রদেশের রাজধানী শহর জিনানের বাসিন্দা। তিনি শানদং ইউনিভার্সিটির তাইশান ডিস্টিংগুইশড প্রফেসর। গত বছরের জুনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বেইজিং নরমাল ইউনিভার্সিটির পূর্ণকালীন অধ্যাপক এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রভাষক ছিলেন।

বিয়ের ঘোষণা দিয়ে নবাব ফয়জুন্নেসা হল সংসদের এজিএস সুমাইয়া আক্তার জানিয়েছেন, প্রফেসর ঝিহুয়া ঝাং বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধও জানিয়েছেন এই ছাত্রী।