জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে অপপ্রচার: কাবেরী গায়েনসহ দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা চায় ডাকসু
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) অভিযোগ করেছে, জুলাই বিপ্লবকে বিতর্কিত ও হেয় করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ডাকসু। শনিবার (১৮ জুলাই) ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জুলাই বিপ্লবের আহত যোদ্ধা ও ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বীসহ জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদদের ঘিরে বিভিন্ন অপপ্রচারের ঘটনা ধারাবাহিক অপপ্রচারের অংশ বলে প্রতীয়মান হচ্ছে।
ডাকসু বলেছে, মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইতিহাস বিকৃত করা এবং জুলাই বিপ্লবকে বিতর্কিত রাজনৈতিক বয়ানে প্রতিষ্ঠার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, যারা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বা অপপ্রচারমূলক তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন : অতিরিক্ত লবণ খাওয়া বাড়াচ্ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি: বিএফএসএ
এ ক্ষেত্রে ডাকসুর নির্বাচিত প্রতিনিধি ও জুলাইয়ের আহত যোদ্ধা সানজিদা আহমেদ তন্বীকে নিয়ে অপপ্রচার ছড়ানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির অধ্যাপক রিসালা খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ডাকসু।
একই সঙ্গে জুলাই বিপ্লবের সময় শেখ হাসিনাকে শিক্ষার্থীদের ওপর গুলি চালাতে উদ্বুদ্ধ করা এবং ফ্যাসিবাদী আমলে শিক্ষার্থী নিপীড়নে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে ডাকসুর বিবৃতিতে।