‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা
‘স্যার যদি চাইতেন, এই বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারতেন। কিন্তু তিনি নিজেই বলেছেন, আমি ভিসি হতে চাই না। যিনি আছেন, তিনি থাকুন; আমি উপ-উপাচার্য হিসেবেই থাকি। এটাই স্যারের বড় মনের পরিচয়।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নব-নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলমকে নিয়ে এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে সরকার ও রাজনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ড. শামছুল আলমের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি শামসুল আলমকে নির্লোভ, শিক্ষার্থীবান্ধব ও রাজনৈতিক-সামাজিক সংকটে পাশে থাকা অভিভাবক হিসেবে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, অধ্যাপক ড. মো. শামছুল আলম শুধু তাঁর শিক্ষক নন, একজন অভিভাবকের মতো সবসময় পাশে থেকেছেন। তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক ও সাংগঠনিক পথচলায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শামছুল আলম সাহসিকতার সঙ্গে সহযোগিতা করেছেন এবং সংকটের সময় ব্যক্তিগতভাবেও তাঁর ও তাঁর পরিবারের খোঁজখবর নিয়েছেন।