চবি শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হলো কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন তহবিল
দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে গঠিত হয়েছে ‘চবি কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন তহবিল’। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধসসহ যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ, জরুরি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এ তহবিলের সূচনা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ৩টায় চাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির কার্যক্রম শুরু হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাকসুর সমাজসেবা-পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান বলেন, চবির ৩৯টিরও বেশি জেলা, উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং চবির বিভিন্ন ক্লাবের সম্মিলিত এই উদ্যোগে তহবিল প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।
তিনি বলেন, চবির বিভিন্ন জেলা ও উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বিভাগভিত্তিক এবং সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এতদিন পৃথকভাবে ত্রাণ তহবিল গঠন ও কার্যক্রম পরিচালনা করলেও অনেক সময় বড় পরিসরে তহবিল গঠন করা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সমন্বিত পরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়নে সীমাবদ্ধতা তৈরি হতো। এখন এই তহবিলের মাধ্যমে সকল সংগঠন একটি অভিন্ন প্ল্যাটফর্মে কাজ করবে। ফলে বৃহত্তর তহবিল গঠন, দ্রুত ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ, সুশৃঙ্খল ত্রাণ বিতরণ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
জামালপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও চবির পালি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সাব্বির হাসান সাকিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে তহবিলটির আনুষ্ঠানিক কার্যক্রম শিগ্গিরই শুরু হবে। আমাদের বিশ্বাস, সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের যেকোনো দুর্যোগে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে আরও শক্তিশালী, সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে সক্ষম হবে।
সংবাদ সম্মেলনে ৩৯ সংগঠনের পক্ষে কথা বলেন চবির দর্শন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আসিফ হোসেন। তিনি চবির মিরসরাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এ সময় অন্যান্য জেলা-উপজেলা ও চবির সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।