ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে দেশি কৈ ছাড়ল ডাকসু
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আনা ফান্ড ব্যবহার করতে না দেয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে জমা পানিতে এবার কৈ মাছ ছেড়েছেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন। সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটায় মাঠের জমে থাকা হাঁটু পানিতে দেশীয় প্রজাতির কৈ মাছ অবমুক্ত করে এই অভিনব প্রতিবাদ জানানো হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, কেন্দ্রীয় এই মাঠে কোনো কার্যকর ও আধুনিক ড্রেনেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টি হলেই মাঠটিতে পানি জমে যায় এবং তা দিনের পর দিন অপরিবর্তিত থাকে। দীর্ঘস্থায়ী এই জলাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়াচর্চা, অনুশীলন ও টুর্নামেন্টসহ যাবতীয় খেলাধুলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আজকের এই প্রতীকী কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা সংহতি জানিয়ে অংশ নেন।
জলাবদ্ধ মাঠের পানিতে মাছ অবমুক্তকরণ কর্মসূচি প্রসঙ্গে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেকোনো ছাত্র-বান্ধব উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে প্রশাসন থেকে বারবার বাজেট সংকটের অবজুহাত দেওয়া হয়। অথচ এই কেন্দ্রীয় খেলার মাঠটি আন্তর্জাতিক মানের করে সংস্কার ও আধুনিকায়নের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ইতোমধ্যে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিসিবি থেকে বিশাল অঙ্কের এই অর্থ বরাদ্দ পাওয়ার পরও শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম উদাসীনতা ও অবহেলার কারণে মাঠের কোনো দৃশ্যমান সংস্কার বা অগ্রগতি দেখা যাচ্ছে না। আমরা এই অচল অবস্থার অবসান চাই। অতি দ্রুত এই জলাবদ্ধতা নিরসন করে মাঠটিকে সাধারণ শিক্ষার্থীদের খেলার উপযোগী করার জোর দাবিতেই আমাদের আজকের এই কর্মসূচি।’