০৮ জুলাই ২০২৬, ১৯:৩৯
বৈরী আবহাওয়ায় বন্ধ চবির শাটল ট্রেন চলাচল
টানা ভারী বৃষ্টিতে রেললাইনের উপরে পানি উঠে পড়া এবং কয়েক জায়গায় গাছ পড়ে লাইন অবরুদ্ধ হওয়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল। বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন।
তিনি বলেন, গত তিনদিন ধরে টানা বৃষ্টিপাতে রেললাইনে অতিরিক্ত জলাবদ্ধতা এবং লাইনের উপর কয়েক জায়গায় গাছ পড়ায় শাটল চলাচল বিকেল থেকে বন্ধ রয়েছে। এর আগে, দুপুর সময়ের দুইটা শাটল আটকা পড়েছিল।
তিনি আরও বলেন, বৃষ্টি না থামাতে পানি নামছে কম, এজন্য কখন চালু হবে তা ঠিক বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই নিয়মিত শিডিউলে শাটল চলাচল করবে।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।