ইউআরএপি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে দেশে দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়
তুরস্কের মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটির ইউআরএপি (ইউনিভার্সিটি র্যাঙ্কিং বাই অ্যাকডেমিক পারফরম্যান্স) রিসার্চ ল্যাবরেটরি কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
বৃহস্পতিবার (১৯ জুন) র্যাঙ্কিং প্রকাশকারী এ সংস্থাটি ২০২৫-২৬ সেশনের ফলাফল প্রকাশ করে। বিশ্বের ৩ হাজার ৭৭৬টি বিশ্ববিদ্যালয়কে এবারের র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে। এতে বাংলাদেশের ২০টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম এসেছে।
ইউআরএপি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং হলো বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম ও অ্যাকাডেমিক সাফল্যের ভিত্তিতে তৈরি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং। এটি তুরস্কের মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি-র ইনফরমেটিক্স ইনস্টিটিউটের অধীন ইউআরএপি রিসার্চ ল্যাবরেটরি প্রকাশ করে। এই র্যাঙ্কিং মূল্যায়নের গুরুত্বপূর্ণ সূচকগুলোর মধ্যে রয়েছে গবেষণা নিবন্ধ (২১%), মোট অ্যাকাডেমিক প্রকাশনা (১০%), প্রকাশিত গবেষণাকর্মের উদ্ধৃতি (২১%), গবেষণা নিবন্ধের মান ও প্রভাব (১৮%), উদ্ধৃতির প্রভাব (১৫%) এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা (১৫%)।
র্যাঙ্কিং প্রকাশকারী এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, ২০২২-২৩ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দেশীয় অবস্থান ছিল তৃতীয়, পরের বছর এক ধাপ পিছিয়ে রাবির অবস্থান হয় চতুর্থ স্থানে। ২০২৪-২৫ সেশনে ফের তৃতীয় অবস্থান দখল করে রাবি। এ বছর আরও এক ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ১ হাজার ৩১৯তম।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্য দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যার বৈশ্বিক র্যাঙ্কিং ৯৮৯তম। তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। যার বৈশ্বিক অবস্থান ১ হাজার ৩৮৮তম। চতুর্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বৈশ্বিক অবস্থান ১ হাজার ৪৬১তম), পঞ্চম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক অবস্থান ১ হাজার ৬১৮তম), ষষ্ঠ নর্থ সাউথ ইউনিভার্সিটি (বৈশ্বিক অবস্থান ১ হাজার ৬৮৫তম)।
সপ্তম ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক অবস্থান ১ হাজার ৭৮৩তম), অষ্টম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক অবস্থান ১ হাজার ৮৯৩তম), নবম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক অবস্থান ২ হাজার ২৫তম) এবং দশম খুলনা বিশ্ববিদ্যালয় বৈশ্বিক অবস্থান ২ হাজার ১০২তম)।