২৯ জুন ২০২৬, ১৮:৫৪

দুই শিক্ষাবর্ষ মিলিয়ে ঢাবির অনার্সে ভর্তি হয়েছেন ৫ বিদেশি শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও ভাষা ইনস্টিটিউটের বিভিন্ন কোর্স মিলিয়ে ভর্তি হয়েছে ১৮ জন বিদেশি শিক্ষার্থী। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সংখ্যাটি বেড়ে হয়েছে ২৫ জন। সবমিলিয়ে ২ শিক্ষাবর্ষে ঢাবিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৪৩ জন। এ সময়ে দুই শিক্ষাবর্ষ মিলিয়ে অনার্সে ভর্তি হলেন মাত্র ৫জন বিদেশি শিক্ষার্থী।

সোমবার (২৯ জুন) বেলা ৩টা ঢাবির বার্ষিক সিনেট অধিবেশন ২০২৬ এ উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের বক্তব্যে বিষয়টি ওঠে আসে।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) পর্যায়ে ২ জন, স্নাতকোত্তর পর্যায়ে ২ জন এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটে এক বছর মেয়াদি বিভিন্ন কোর্সে ১৪ জন বিদেশি শিক্ষার্থী ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ৩ জন, স্নাতকোত্তর পর্যায়ে ১১ জন এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটে এক বছর মেয়াদি বিভিন্ন কোর্সে ১১ জন শিক্ষার্থীকে ভর্তির অনুমতি প্রদান করা হয়েছে। 

সেই হিসেবে ২ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ঢাবিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৫ জন, স্নাতকোত্তর পর্যায়ে ১৩ জন, এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটে এক বছর মেয়াদি বিভিন্ন কোর্সে ২৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। গত বছরের তুলনায় ৭ জন বিদেশি শিক্ষার্থী বাড়লেও বছরে গড় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা মাত্র ২১.৫ জন। যার মধ্যে বড় অংশ আবার কেবল এক মেয়াদি স্নাতকোত্তর বা বিভিন্ন ভাষা কোর্সে ভর্তি হয়েছেন। এতে স্পষ্ট হচ্ছে বাংলাদেশের সেরা বিদ্যাপিঠেই ভরসা করতে পারছেন না বিদেশি শিক্ষার্থীরা।