আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়
টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ২০২৬ সালের ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় ৬০০ ধাপ এগিয়ে বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করেছে। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক অর্জন আমাদের আশাবাদী করে তুলেছে বলে মন্তব্য করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সোমবার (২৯ জুন) বেলা ৩টা ঢাবির সিনেট অধিবেশনে উপাচার্যের বক্তব্যে বিষয়টি তুলে ধরেন তিনি।
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক র্যাঙ্কিং সূচকে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ২০২৬ সালের ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় ৬০০ ধাপ এগিয়ে বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করেছে।
তিনি আরও বলেন, গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০১-১৫০০ ব্যান্ডে অবস্থান করলেও এবার ৪০১-৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে। এ বছর ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই মূল্যায়ন করা হয়। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক কোয়াককোয়ারেলি সায়মন্ডস প্রকাশিত QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ২০২৭-এ বিশ্বের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় টানা তৃতীয়বারের মতো সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে। একইভাবে QS Asia University Rankings ২০২৬-এ এশিয়ার ১ হাজার ৫২৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৩২তম স্থান অর্জন করেছে। উভয় র্যাঙ্কিংয়েই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
উপাচার্য বলেন, এ ছাড়া ২০২৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এলসেভিয়ার প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন, যা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ। সামগ্রিকভাবে এসব অর্জন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক উৎকর্ষের সাক্ষ্য বহন করে। একই সঙ্গে গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং স্নাতকদের কর্মক্ষেত্রে সাফল্যের ধারাবাহিক অগ্রগতিরও প্রতিফলন ঘটায়। আমরা বিশ্বাস করি, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, নীতিগত সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সুসংহত করা গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ তালিকায় স্থান করে নিতে সক্ষম হবে।