নিয়োগে অনিয়ম, এলপিআরে থাকা ঢাবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল সাময়িক বহিষ্কার
অস্থায়ী কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আলোচিত সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি এলপিআরে রয়েছেন।
এলপিআর হল লিভ প্রিপারেশন ফর রিটায়ারমেন্ট বা অবসর প্রস্তুতিমূলক ছুটি। সরকারি কর্মচারীদের পূর্ণ অবসরে যাওয়ার আগে এক বছর ছুটি দেওয়ার নিয়ম রয়েছে। সেটিই এলপিআর।
গতকাল সোমবার (২২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
জানা গেছে, বর্তমানে মো. বাহালুল হক চৌধুরী এলপিআরে থাকলেও বিশ্ববিদ্যালয়ের সকল সুবিধা ভোগ করছেন। এজন্য তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, গত বছরের মার্চে তিন মাসের ছুটির জন্য আবেদন করেছিলেন মো. বাহালুল হক চৌধুরী। পরে অনুমোদন করলে তিনি পরীক্ষা নিয়ন্ত্রক পদটি ছেড়েছিলেন। তবে তার চাকরির মেয়াদ ছিল ওই বছরের (২০২৫ সাল) ডিসেম্বর পর্যন্ত। পরবর্তীতে ডিসেম্বরে তিনি এলপিআরে যান।
আওয়ামী লীগ সরকারের আমলে বাহালুল হক চৌধুরীর বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—অনৈতিকভাবে লোক নিয়োগ, নিজের ইচ্ছামতো বেতন কাঠামো নির্ধারণ, পরীক্ষার খাতা বিক্রি, বিশ্ববিদ্যালয়ের অর্থ অনিয়মিতভাবে ব্যবহারের অভিযোগ, অফিসের কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার, অধিভুক্ত কলেজ থেকে ব্যক্তিগত সুবিধা গ্রহণ, পুরোনো উত্তরপত্রের কাগজ কম দামে বিক্রি করে অর্থ আত্মসাৎ প্রভৃতি। এসব অভিযোগ বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে কিছু রদবদল হলেও ২০২৫ সালের মার্চেও বাহালুল হক স্বপদে বহাল ছিলেন। তবে সে সময় তার বিরুদ্ধে নানা অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। গতবছরের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অবশেষে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।