২১ জুন ২০২৬, ২১:৩৬

কাল ‘আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া’ ম্যাচ দেখতে ঢাবিতে আসছে আর্জেন্টাইন রাষ্ট্রদূত ও মেসির বন্ধু

বাংলাদেশে অবস্থিত আর্জেন্টিনার বর্তমান রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং লিওনেল মেসির বন্ধু রুলি ও তার টিমমেট  © টিডিসি সম্পাদিত

বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে আসবেন বাংলাদেশে অবস্থিত আর্জেন্টিনার বর্তমান রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং লিওনেল মেসির বন্ধু রুলি ও তার টিমমেট। 

আগামীকাল (২২ জুন) বাংলাদেশ সময় রাত এগারোটার যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে আসবেন তারা। এছাড়া আগামী বুধবার (২৪ জুন) দুপুর ২টায় লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ফ্ল্যাশমবের আয়োজন করছে 'ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদ'। সেই ফ্ল্যাশমব আয়োজনেও উপস্থিত থাকবেন আর্জেন্টাইন আ্যম্বাসেডর, মেসির বন্ধু রুলি ও আর্জেন্টাইন বেশ কিছু অতিথি।

রবিবার ( ২১ জুন) বেলা সাড়ে তিনটায় আর্জেন্টাইন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের উপদেষ্টা নাহিদুজ্জামান শিপন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের উপদেষ্টা হিসেবে আমার তাদের (রাষ্ট্রদূত ও মেসির বন্ধু রুলি) সাথে দেখা করেছি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা দেখতে আসতে চাচ্ছেন। যেহেতু ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গ্রাউন্ড তৈরি হয়েছিল আর্জেন্টাইন ফ্যানদের এবং ২০২৬ সালে এসেও একইরকম একটা পরিবেশ-আবহ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আর্জেন্টিনার একটা টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে খেলা দেখতে চায় এবং সেই দলটি বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের মাঠে খেলা দেখতে আসবেন। এখন এটা নির্ভর করছে আগামীকালের পরিবেশ এবং আবহাওয়ার ওপর। সবকিছু ঠিকঠাক থাকলে মুহসিন হলের মাঠে কালকে তারা খেলা দেখবেন।

তিনি আরও বলেন, লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উদ্‌যাপনে টিএসসিতে কেক কাটা হবে এবং সেখানে আর্জেন্টিনার অ্যাম্বাসেডরসহ তাদের পুরো টিম থাকবেন।