১৮ জুন ২০২৬, ২১:১৫

জাবিতে জুলাই হামলার ঘটনায় দায়মুক্তির অভিযোগ, সাক্ষীদের নাম ফাঁসের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের গৃহীত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, তদন্ত শেষে উল্লেখসংখ্যক অভিযুক্তকে অব্যাহতি দিয়ে কার্যত দায়মুক্তি দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্তে সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের পরিচয় ফাঁস হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন।

‎বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জুলাই হামলার ঘটনায় সিন্ডিকেটের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে আয়োজিত এক উন্মুক্ত আলোচনা সভায় শিক্ষার্থীরা এসব অভিযোগ তুলে ধরেন।

‎আলোচনায় ৪৯তম আবর্তনের শিক্ষার্থী আন্জুম শাহরিয়ার বলেন, তদন্ত শেষে ৪৩ জনকে বিচার প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাদের অব্যাহতির পেছনে কী ধরনের তথ্য-প্রমাণ বা যুক্তি বিবেচনা করা হয়েছে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

‎তিনি আরও বলেন, তদন্তে সাক্ষ্য দেওয়া কয়েকজন শিক্ষার্থী পরবর্তীতে ফোনে হুমকি পেয়েছেন। এমনকি কে কার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, সে তথ্যও তাদের জানানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে সাক্ষীদের গোপনীয়তা রক্ষা করা হয়নি এবং তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

‎আরেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘সাক্ষ্য গ্রহণের সময় প্রশাসনের বাইরে অন্য কেউ উপস্থিত ছিল না। এরপরও সাক্ষীদের পরিচয় বাইরে চলে গেছে। তাই তথ্য ফাঁসের উৎস প্রশাসনের ভেতরেই রয়েছে বলে আমাদের সন্দেহ।’

‎সাক্ষীদের তথ্য ফাঁসের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। ‎তবে অভিযোগ অস্বীকার করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘সিন্ডিকেট সব দিক বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাক্ষীদের পরিচয় ফাঁসের বিষয়টিও খতিয়ে দেখা হয়েছে। এখন পর্যন্ত এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’