কাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘প্রবেশিকা’ অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে।। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব।
এদিকে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেবেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন। এছাড়া রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ডিন ও পরিচালকদের কাছে পাঠদানের জন্য আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন।