প্রকৌশল দপ্তরের প্রধান বানানো হলো অধ্যাপককে, সমালোচনার পর উপাচার্য বললেন ‘সাময়িক’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রকৌশল অফিসের ‘অফিস প্রধান’ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজমুল আলম। প্রকৌশল সংশ্লিষ্ট দপ্তরের প্রধান পদে একজন প্রকৌশলীর পরিবর্তে ভিন্ন বিভাগের শিক্ষককে দায়িত্ব দেওয়ায় বিষয়টি নিয়ে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে এ নিয়োগকে ‘সাময়িক’ বলছেন উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, গত ১০ জুন বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ড. নাজমুল আলমকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, আগামী ১৫ জুন থেকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তিনি প্রকৌশল অফিসের ‘অফিস প্রধান’ হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তিনি এ দায়িত্বে বহাল থাকবেন এবং প্রচলিত বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, স্থায়ী নিয়োগের মাধ্যমে শিগগিরই একজন পেশাদার প্রকৌশলীকে এ পদে নিয়োগ দেওয়া হবে।
তবে প্রকৌশল অফিসের মতো কারিগরি দপ্তরের নেতৃত্বে প্রকৌশল পটভূমির কোনো ব্যক্তির পরিবর্তে ভিন্ন বিভাগের শিক্ষককে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘প্রকৌশল অফিসের প্রধান পদে খুব শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে একজন দক্ষ, যোগ্য ও সৎ প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে এ পদে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নবনিযুক্ত প্রো-উপাচার্য (প্রশাসন) এ দায়িত্ব গ্রহণে অনাগ্রহ প্রকাশ করায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে অধ্যাপক ড. নাজমুল আলমকে প্রকৌশল অফিসের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণরূপে একটি সাময়িক ব্যবস্থা।’